দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলছে ফ্রান্স। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্র্যাডলি বারকোলা ও এমবাপ্পের আরেক গোলের সুবাদে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দিদিয়ের দেশমের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় তাদের। ২০তম মিনিটে জালে বল জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ভিএআরের সিদ্ধান্তে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।
৩২তম মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যান ফরাসি অধিনায়ক। মাইকেল অলিসের পাস থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে। চার মিনিট পর অলিসের দুর্দান্ত বাইসাইকেল কিকও পোস্টে আঘাত হানে। ফিরতি বলে উসমান দেম্বেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ পর্যন্ত প্রথমার্ধের ৪৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ফ্রান্স। উসমান দেম্বেলের পাস থেকে বক্সের ভেতরে জোরালো শটে সুইডেনের জালে বল পাঠান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি ছিল তার পঞ্চম গোল।
বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এরপর ৬৩তম মিনিটে আবারও জ্বলে ওঠেন এমবাপ্পে। মাইকেল অলিসের রক্ষণভেদী পাসে নিখুঁত সময়ে দৌড়ে গিয়ে জ্যাকব ভিদেল জেটারস্ট্রমকে ফাঁকি দিয়ে দারুণ বাঁকানো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ফরাসি অধিনায়ক।
চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের ষষ্ঠ গোল। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন লিওনেল মেসির সমান ছয় গোল নিয়ে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।
গ্রুপ 'আই'-এ তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে নকআউটে ওঠা ফ্রান্স এখন শেষ আটের পথে দৃঢ় অবস্থানে রয়েছে। অন্যদিকে সুইডেনের সামনে ম্যাচে ফেরার কাজ ক্রমেই কঠিন হয়ে উঠছে।
এমএস/